পেটব্যথার যন্ত্রণা সইতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
পেটব্যথার যন্ত্রণা সইতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা
হযরত আলী প্রামাণিককে হারিয়ে পরিবারের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে হজরত আলী প্রামাণিক (৫০) নামে এক ভ্যানচালক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

রোববার (২৮ জুন) মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম এলাকায় সরকারি কলেজের পেছনের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হজরত আলী ওই এলাকার মৃত আব্বাস প্রামাণিকের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হজরত আলী প্রামাণিক দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ও পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তবে কোনো চিকিৎসাতেই তার অবস্থার উন্নতি হয়নি। রোববার সকালে পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যান। পরে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মাদারগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই জহির ফকির বলেন, আমার ভাই অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু কোনো চিকিৎসাতেই তেমন উপকার হয়নি। দীর্ঘদিন ধরে পেটব্যথায় ভুগছিলেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়েছেন বলে ধারণা করছি।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, পেটের ব্যথার যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ঘটনায় সাধারণত যেসব লক্ষণ পাওয়া যায়, সুরতহাল প্রতিবেদনে তার সবগুলোই পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

বিষয় :জামালপুর