১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
বান্দরবানের জাদিপাই জলপ্রপাত। ছবি: সংগৃহীত

বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া পাহাড় ধস, আকস্মিক ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এ সময়ের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এসব এলাকায় পর্যটন কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস সব পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ জনগণকে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন।