বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নেত্রকোনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৩১ মে) দুপুর ১২টায় নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের নুরজাহান বেগম (৪০), তার মেয়ে ইতি (১৮) ও স্মৃতি (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে রুবি এন্টারপ্রাইজের একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ইতি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় নুরজাহান বেগম ও স্মৃতিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত নূরজাহান বেগমের স্বামী আইনল হক (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া একই গ্রামের হৃদয় (৪০) ও মুস্তাকিম (২৮) আহত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)






