জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে গলা কেটে হত্যা

সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধের জেরে রুস্তম আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের পুরান সড়কে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়া (৩০) নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
নিহত রুস্তম আলী দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত হাছন আলীর ছেলে। আর অভিযুক্ত বিল্লাল একই গ্রামের মরহম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রুস্তম আলী ও অভিযুক্ত বিল্লাল মিয়া পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। কিছুদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। পূর্ব পরিকল্পিতভাবে আজ সকালে বাজারে যাওয়ার পথে বিল্লালের বাড়ির সামনে পৌঁছালে ওত পেতে থাকা বিল্লাল ধারালো দা দিয়ে রুস্তম আলীর গলা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে।
চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে ঘাতক বিল্লাল মিয়াকে হাতেনাতে আটক করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বিল্লালকে হেফাজতে নেয়।
দক্ষিণ বুড়দেও গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম এশিয়া পোস্টকে জানান, প্রতিবেশী হিসেবে তারা বসবাস করলেও এতদিন তাদের মধ্যে কোনোপ্রকার ঝগড়াঝাঁটি হতে দেখিনি। তবে, কিছুদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি এশিয়া পোস্টকে জানান, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
