logo

চা বাগানের কর্মকর্তা ও চিকিৎসককে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চা বাগানের কর্মকর্তা ও চিকিৎসককে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২
আটক হওয়া দুই ছিনতাইকারী জিহান ও আবু। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

চট্টগ্রামের ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় পঞ্চবটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে জখম করে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাগানের প্রবেশমুখে একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

পুলিশ ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল দাস নারায়নহাট কৃষি ব্যাংক শাখা থেকে চা বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন। পথে বাগানের প্রবেশমুখে পৌঁছালে তিনজনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এতে বাধা দিতে গেলে নেপাল কান্তি দাশ ও বাবুল দাশকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পঞ্চবটি চা বাগানের ব্যবস্থাপক অর্জুন কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে চা বাগান এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে আবু (২৩) নামের এক ছিনতাইকারীকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিহান (২৫) নামের আরও একজনকে আটক করা হয়। আটক দুজনকে ভূজপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।