লামায় তিন কিশোরী নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান
-2f8237-720x405.webp)
বান্দরবানের লামায় বাড়ি থেকে বের হওয়ার পর তিন কিশোরীর সন্ধান মিলছে না। গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে তারা। তাদের খোঁজ না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের
নিখোঁজ তিন কিশোরী হলো লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকার বাসিন্দা আবুল হাশেমের মেয়ে তানিয়া সুলতানা (১৩), শহিদুল ইসলামের মেয়ে রেশমি আক্তার (১৭) এবং বেলাল উদ্দিনের মেয়ে হালিমাতুচ্ছ সাদিয়া। তানিয়া ইয়াংছা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অন্য দুই কিশোরীর শ্রেণি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত ১০ অক্টোবর বিদ্যালয় থেকে সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি, রেশমি মানিকপুর উচ্চবিদ্যালয় থেকে সনদ নেওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিল।
তবে এ বিষয়ে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নিখোঁজ কিশোরী সার্টিফিকেট নিতে তার বিদ্যালয়ে যায়নি। ফলে কী কারণে তারা বাড়ি থেকে বের হয়েছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইয়াংছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, নিখোঁজ তিন কিশোরী বিদ্যালয়ে অনিয়মিত ছিল। তাদের সন্ধানে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ এশিয়া পোস্টকে জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের নিখোঁজের কারণ উদ্ঘাটন ও সন্ধান পেতে পুলিশ কাজ করছে।
