logo

ঢাকা থেকে গ্রামে ফেরার পরদিন ঘরেই মিলল আলালের মরদেহ

ঢাকা থেকে গ্রামে ফেরার পরদিন ঘরেই মিলল আলালের মরদেহ
প্রতীকী ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আলাল মিয়া ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আলাল সপরিবারে ঢাকায় বসবাস করতেন এবং সেখানে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার দুপুরের পর তিনি ঢাকা থেকে একা গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সারা দিন পেরিয়ে সন্ধ্যা হলেও ঘরের দরজা না খোলায় তার ফুফু তুহুরার (৬০) সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ফুফু জানালার কিছু অংশ ভেঙে দেখতে পান আলালের দেহ ঘরের চালের সঙ্গে ঝুলছে। তার চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ দ্রুত ঘটনাস্থলে যান এবং বকশীগঞ্জ থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী খশরু বলেন, আলাল মিয়া চরম আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঋণগ্রস্ত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফেরেন। অভাব-অনটনের কারণে নিজের জমি না থাকায় অন্যের জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বাস করতেন তিনি।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।