logo

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

নীলফামারী সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে কেতাব উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার সোনারায় ইউনিয়নের পত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে। অভিযুক্ত আবুল হোসেন তার আপন ছোট ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। পরে আদালতের রায় কেতাব উদ্দিনের পক্ষে আসে। তবে বিরোধপূর্ণ জমিটি আবুল হোসেনের দখলে থাকায় দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার সকালে এ বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হন কেতাব উদ্দিন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।