কক্সবাজারে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
কক্সবাজারে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি রবি। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর থানার বহুল আলোচিত মোহাম্মদ আলী (৩৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি রবিকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে ফেনী সদর থানাধীন মহিপাল বাস কাউন্টার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত রবি কক্সবাজার সদরের দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার নজির আহমদের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। প্রায় তিন বছর আগে প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের পর তিনি সাবিনা ইয়াসমিন (৩০) নামের এক নারীকে বিয়ে করেন এবং শ্বশুর নজির আহমদের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস শুরু করেন। নিজের উপার্জিত অর্থ দিয়ে তিনি শ্বশুরের ঘরটিও সংস্কার করেছিলেন। বেশ কিছুদিন ধরে তার দ্বিতীয় স্ত্রী সাবিনা পরপুরুষের প্রতি আসক্ত হয়ে পড়লে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এর জেরে শ্বশুরবাড়ির লোকজন মোহাম্মদ আলীকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চাপ সৃষ্টিসহ বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ৭ জুলাই বিকেলে পূর্বপরিকল্পিতভাবে মোহাম্মদ আলীর হাত-পা চেপে ধরে লোহার বড় হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করা হয়। এতে তার মাথার খুলির হাড় ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তিনি মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করার জন্য লোহার রড দিয়ে পুনরায় মাথায় আঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি রবিকে ফেনীর মহিপাল এলাকায় যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :ফেনী