logo
Advertisement

৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখলমুক্ত করতে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা। ছবি : এশিয়া পোস্ট

পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ প্রায় ৪০ বছর পর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখলমুক্ত করা হয়েছে। সেখানে থাকা একটি টিনশেড ভবনসহ ৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে সওজ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাউখালী-কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রুবাইয়াত ফেরদৌস এবং পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আলা আমিনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক উৎসুক মানুষ জড়ো হন।

সওজ সূত্রে জানা গেছে, কাউখালী-কচুয়াকাটি এলাকায় একটি আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় এতদিন সেতুর নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছিল। এ বিষয়ে সওজের পক্ষ থেকে গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ না করায় আদালতের নির্দেশনায় ও জনস্বার্থে এ অভিযান চালানো হয়।

স্থানীয় বাসিন্দা সায়েম উদ্দিন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দীর্ঘদিনের পুরোনো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে এলাকাবাসীর দাবি পূরণ হয়েছে। এখন সেতুর নির্মাণকাজ দ্রুত এগোবে এবং এলাকায় যানজটও কমবে।

এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস বলেন, জনস্বার্থে এবং আদালতের আদেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।