বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
নিহতের বাড়িতে তথ্য সংগ্রহ করছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় রাজিয়া বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বেলাল সরদারের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বেলাল সরদারকে আটক করেছে পুলিশ।

Advertisement

রোববার (২৮ জুন) সন্ধ্যা ছয়টার দিকে বাগেরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের নাগেরবাজার এলাকার সিরাজ উদ্দিন শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বেলাল সরদার দীর্ঘদিন ধরে ওই বাড়ির দুটি ছোট কক্ষ ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন।

বেলাল ও রাজিয়ার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগমকে বিভিন্ন সময় মারধর করতেন তার স্বামী। রোববার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজিয়াকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বেলাল সরদারকে আটক করে থানায় নিয়ে যায়।

রাজিয়ার ভাই রিপন বলেন, বেলাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া ও তাস খেলায় আসক্ত। কিছু দিন আগে তিনি শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দেওয়ার জন্য রাজিয়ার ওপর চাপ সৃষ্টি করেন। পরিবারের সদস্যরা তাকে বারবার জুয়া ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেও তিনি তা মানেননি।

বেলালের শৈশবের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে বেলাল আমার বন্ধু। তার বিয়েটাও আমি দিয়েছিলাম। আগে সে একটি রুটির দোকানে কাজ করত এবং ভালো মানুষ ছিল। কিন্তু পরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ার পর তার আচরণ পাল্টে যায়। রাজিয়া খুবই ভালো একজন নারী ছিলেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরিফিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

বিষয় :বাগেরহাট