কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে আগে থেকেই নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। কফিনগুলো বের হয়ে আসার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর প্রক্রিয়া শেষে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো কানাইঘাটের গাছবাড়ি এলাকায় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে যথাযথ আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করার কথা রয়েছে।
এর আগে, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
নিহত প্রবাসীরা হলেন কানাইঘাটের ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ও নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।






