logo

মাসে ২১ হাজার টাকা বাড়ি ভাড়া পান অধ্যক্ষ, তবুও থাকেন প্রশাসনিক ভবনে

আবু সালেহ মো. রায়হান
দেবীগঞ্জ, পঞ্চগড়
মাসে ২১ হাজার টাকা বাড়ি ভাড়া পান অধ্যক্ষ, তবুও থাকেন প্রশাসনিক ভবনে
অধ্যক্ষ মোস্তফা কামাল ও প্রশাসনিক ভবনের ভেতরে একটি চৌকি, টেবিল, কেবিনেট ও কিছু পোশাক দেখা যায়। ছবি : এশিয়া পোস্ট

মাসে ২১ হাজার ২৬৯ টাকা বাড়ি ভাড়া ভাতা পান তিনি। অথচ পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রশাসনিক ভবনের একটি কক্ষে নিয়মিত রাত কাটান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। কক্ষটির বাইরে লাগানো নেমপ্লেটে লেখা ‘স্কাউট রুম-রোভার ডেন’। গত ২১ মে দায়িত্ব নেওয়ার পর থেকে সেখানে থাকছেন বলে নিজেই জানিয়েছেন তিনি। তবে এভাবে থাকার জন্য কোনো প্রাতিষ্ঠানিক অনুমতি আছে কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি অধ্যক্ষ।

মোস্তফা কামালের দাবি, প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধের জন্য তিনি সেখানে থাকেন। অন্যদিকে, প্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে প্রবেশের পর ডান পাশের ভবনে নৈশপ্রহরীর থাকার ব্যবস্থা রয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ি ভাড়া ভাতা পাওয়ার পরও প্রশাসনিক ভবনের কক্ষে অধ্যক্ষের নিয়মিত রাত্রিযাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানে গিয়ে প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় ৪০৭ নম্বর কক্ষে অধ্যক্ষকে পাওয়া যায়।

চুক্তিভিত্তিক গেটম্যান মাহমুদুল রশিদ মামুন মূল ফটকের তালা খুলে দিলে ভেতরে প্রবেশ করা হয়। পরে গেটম্যানকে সঙ্গে নিয়ে কক্ষটির সামনে যায় প্রতিবেদক দল। দরজার বাইরে ‘স্কাউট রুম-রোভার ডেন’ লেখা নেমপ্লেট দেখা যায়। দরজায় কড়া নাড়লে ভেতর থেকে বেরিয়ে আসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল।

প্রশাসনিক ভবনের ভিতরে থাকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। ছবি : এশিয়া পোস্ট
প্রশাসনিক ভবনের ভিতরে থাকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। ছবি : এশিয়া পোস্ট

কক্ষের ভেতরে একটি চৌকি, টেবিল, কেবিনেট ও কিছু পোশাক দেখা যায়। এ সময় অধ্যক্ষ স্বীকার করেন, মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিয়মিত ওই কক্ষে থাকছেন। তবে প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধের জন্যই সেখানে অবস্থান করছেন বলে জানান তিনি। এ বিষয়ে এর বেশি কথা বলতে রাজি হননি।

দেবীগঞ্জ ও বানিয়াচং হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল হবিগঞ্জের বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যোগদানের পর তাকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সংযুক্ত করা হয়।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, ষষ্ঠ গ্রেডে পদায়নপ্রাপ্ত মোস্তফা কামালের বর্তমান মূল বেতন ৬০ হাজার ৭৭০ টাকা। এর ৩৫ শতাংশ হিসাবে তার মাসিক বাড়ি ভাড়া ভাতা ২১ হাজার ২৬৯ টাকা। সে হিসাবে বছরে এ খাতে তিনি পান ২ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা।

সরকারি চাকরিজীবীদের বাসাভাড়া বাবদ ব্যয় নির্বাহের জন্য বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। এ অবস্থায় মাসে ২১ হাজার টাকার বেশি ভাতা পাওয়ার পরও অধ্যক্ষের নিয়মিত প্রশাসনিক ভবনের কক্ষে রাত্রিযাপনের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, বাড়ি ভাড়ার খরচ সাশ্রয়ের জন্য তিনি সেখানে থাকছেন। তবে এ বিষয়ে অধ্যক্ষের কাছ থেকে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ওনার সঙ্গে কথা হয়েছে। উনি দ্রুতই বাইরে বাসা ভাড়া নিবেন বলে জানিয়েছেন।