logo

এমআরএস ইন্ডাস্ট্রিজে ৬০০ শ্রমিক ছাঁটাইয়ের শঙ্কা

এমআরএস ইন্ডাস্ট্রিজে ৬০০ শ্রমিক ছাঁটাইয়ের শঙ্কা

কুষ্টিয়ার বিসিক শিল্পনগরী এলাকার অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ হওয়ার খবর নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তবে প্রতিষ্ঠানটি পুরোপুরি বন্ধ হওয়ার খবর কর্তৃপক্ষ নাকচ করে দিলেও কর্মী ছাঁটাইয়ের শঙ্কা রয়েছে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছেন কারখানায় কর্মরত প্রায় ৬০০ শ্রমিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃস্পতিবার (৩০ এপ্রিল) প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি আর্থিক লোকসানের বিষয়টি উল্লেখ করে জানান, গত আট মাস লাভ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কারখানা পূর্ণাঙ্গভাবে চালানো অসম্ভব হয়ে পড়েছে।

সূত্র জানায়, ৮৫৫ জন শ্রমিকের মধ্যে ২০০ থেকে ৩০০ জনকে রেখে অন্যদের ছাঁটাইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। যারা কাজ হারাবেন, তাদের চার মাসের বেতন-ভাতা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বৈঠকে।

খোঁজ নিয়ে জানা যায়, কারখানার সব ইউনিট বন্ধ হচ্ছে না। তেল পাম্প, প্রশাসন, হিসাব শাখা, রক্ষণাবেক্ষণ ও মেটাল সেকশন চালু থাকবে। উড সেকশন ও এর সঙ্গে সংশ্লিষ্ট পরিবহন বিভাগটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

তবে একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, লোকসান একটি অজুহাত। গত বছরের বেতন বৃদ্ধির আন্দোলনের ‘শাস্তি’ হিসেবে ছাঁটাই প্রক্রিয়া চালানো হচ্ছে। 

আব্দুল করিম নামে এক শ্রমিক বলেন, গত বছর আমরা ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছিলাম। তখন থেকেই কর্তৃপক্ষ আমাদের ওপর ক্ষুব্ধ ছিল।

কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার খবর ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (সার্বিক) দীপন কুমার দাস। তিনি জানান, কারখানা বন্ধ হয়নি, কেউ গুজব ছড়িয়ে থাকলে তাদের কিছু করার নেই।

বিআরবি গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, প্রতিষ্ঠান বন্ধ হবে না। সেকশন বন্ধ হতে পারে বা লোকবল কমতে-বাড়তে পারে, সেটা আলাদা বিষয়। কে কী লিখছে, তা নিয়ে আমি চিন্তিত নই।