বিএনপিতে যোগ দেওয়া সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে একটি নাশকতা মামলায় আলম হাজারী নামের সাবেক এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার আলম হাজারী বড়শালঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ছোটশালঘর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আলম হাজারী দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থের জোগান দেওয়ার অভিযোগে দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নাশকতা মামলায় আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

