খাটের নিচে মিলল ইয়াবা ও গাঁজা, গ্রেপ্তার ১

মেহেরপুর সদর উপজেলায় খাটের বিছানার নিচ থেকে প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা ১১৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আবদুস সালাম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার গোপালপুর বসন্তপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদক ও নগদ টাকাসহ আলামতগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর বসন্তপুর এলাকার বাসিন্দা আবদুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের একটি কক্ষে খাটের বিছানার নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতর সাদা রঙের ছোট প্লাস্টিকের কৌটায় ১১ দশমিক ৫ গ্রাম ওজনের ১১৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়াও একই ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবদুস সালাম গোপালপুর বসন্তপুর এলাকার আবুল কালামের ছেলে। মামলায় আলাউদ্দিন (২৫) নামের আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রিদেয়াড়া গ্রামের রহিমের ছেলে এবং বর্তমানে মেহেরপুর আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে রংমিস্ত্রি হিসেবে কর্মরত আছেন। তবে অভিযানের সময় তিনি গ্রেপ্তার হয়েছেন কি না, সে বিষয়ে অধিদপ্তরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এ ঘটনায় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. রহমত আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাসেল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
