সাতক্ষীরায় সরু সড়ক দখল করে ব্যবসা, জনদুর্ভোগ চরমে

সাতক্ষীরা সদর থানার দেয়ালঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফুটপাত ও সড়কের এক অংশ দখল করে এসব স্থাপনা নির্মাণ করায় যানবাহন ও পথচারী চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। একাধিকবার উচ্ছেদ উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সাতক্ষীরা শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সুলতানপুর বড় বাজারে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। পাকাপুল হয়ে বড় বাজারে যাওয়ার এই সড়কটি এমনিতেই অপ্রশস্ত। তার ওপর থানার দেয়ালঘেঁষে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় দুটি ভ্যান বা ইজিবাইকও নির্বিঘ্নে পাশাপাশি পার হতে পারে না। ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে।
সদর থানার দক্ষিণ পাশে বসবাসকারী চিকিৎসক মিনহাজ আহমেদ জানান, থানার দেয়ালঘেঁষে সড়কের ওপর এমনভাবে অবৈধ স্থাপনা বসানো হয়েছে যে বাসা থেকে ব্যক্তিগত গাড়ি বের করতেও ব্যাঘাত ঘটে। একটি গাড়ি চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গার প্রায় অর্ধেকই এসব স্থাপনার দখলে।
তিনি আরও বলেন, ইতিপূর্বে একাধিকবার এসব স্থাপনা অপসারণের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। দ্রুত এসব অবৈধ দখল উচ্ছেদ করে শহরের পরিবেশ রক্ষা ও জনসাধারণের পথ উন্মুক্ত করার দাবি জানান তিনি।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক আলীনুর খান বাবুল বলেন, দীর্ঘদিন ধরে সদর থানার দেয়ালঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা শহরবাসীর দুর্ভোগের অন্যতম প্রধান কারণ। ফুটপাত না থাকা সত্ত্বেও রাস্তার অংশ দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতদিন ধরে এসব দখলদারিত্ব কীভাবে টিকে রয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
তিনি সুলতানপুর বড় বাজারগামী সড়কের ভোগান্তির কথা উল্লেখ করে দ্রুত উচ্ছেদ অভিযানের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, গত ২৫-৩০ বছরে সাতক্ষীরা শহরের জনসংখ্যা বাড়লেও সড়কের প্রশস্ততা বাড়েনি। পাকাপুল থেকে বড় বাজার সড়কটি অত্যন্ত সরু; ফুটপাতসহ এর প্রস্থ মাত্র ১৬ থেকে ১৮ ফুট। এর ওপর থানার দেয়ালঘেঁষে অবৈধ দখলের কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
তিনি উচ্ছেদের পর ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং শহরের সড়ক সম্প্রসারণে একটি দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান গ্রহণের ওপর জোর দেন।
এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত হোসেন জানান, সদর থানার দেয়ালঘেঁষে পৌরসভার সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আলোচনা চলছে। সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ীদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে। খুব দ্রুতই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি আশ্বাস দেন।


