রাঙামাটিতে ২২ টাওয়ার অচল, নেটওয়ার্কের বাইরে ৯০ হাজার মানুষ

রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বগাপাড়া এলাকায় একটি মাদার টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এর আওতাধীন ২২টি টাওয়ারের সেবা ব্যাহত হচ্ছে। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৯০ হাজারের বেশি মানুষ মোবাইল কল ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তিতে পড়েছেন।
গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট একটি সংগঠন তা অস্বীকার করেছে। ফলে ঘটনার প্রকৃত কারণ ও নেটওয়ার্ক সচল করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদুর বিভিন্ন এলাকায় আগে থেকেই মোবাইল ইন্টারনেটের গতি ছিল ধীর। এর মধ্যেই ২৪ নভেম্বর রাতে উপজেলার বগাপাড়া এলাকায় একটি মাদার টাওয়ারের সব কটি ক্যাবল কেটে ফেলায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে নেটওয়ার্ক না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, রোগী এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মীরা। বছরের শেষভাগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা ও ফলাফল তৈরির কাজসহ দাপ্তরিক নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক না থাকায় দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বিশেষ করে সরকারি বিভিন্ন সেবাসহ ফ্যামিলি কার্ডের কাজও করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে মোবাইল ফোন অপারেটর রবির এক কর্মকর্তা বলেন, ‘মাদার টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থি অংশের সদস্যরা জড়িত বলে আমরা অভিযোগ পেয়েছি। পরদিন প্রকৌশলীরা টাওয়ার মেরামতে গেলে তাদের কাজ না করার পাশাপাশি তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় প্রকৌশলীরা কাজ না করেই ফিরে আসেন। প্রশাসনের সহযোগিতা পেলে কয়েক দিনের মধ্যেই সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশা করছি।’
তবে অভিযোগ নাকচ করেছেন জেএসএস সংস্কারের দীঘিনালা উপজেলা সাধারণ সম্পাদক সমির চাকমা বলেন, ‘টাওয়ার কোম্পানির সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটানো হয়নি। কে বা কারা করেছে, তা আমাদের জানা নেই।’
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘নেটওয়ার্ক সমস্যার বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


