logo

ছাত্রদল নেতার উপস্থিততে ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি

ছাত্রদল নেতার উপস্থিততে ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক তারেক বিন ফয়েজ। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহসম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান। তার দাবি, আটকের পর অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন; তাই তাকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওসির সঙ্গে থানার উপপরিদর্শক (এসআই) শক্তিপদ মৃধা, এসআই মোস্তাফিজুর রহমান এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ এবং ছাত্রদলের আরও এক নেতা উপস্থিত ছিলেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক এক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। ফোনে ওই নেতার কাছে তারেক বিন ফয়েজের রাজনৈতিক পরিচয় জানতে চান ওসি। জবাবে ওই নেতা জানান, তারেক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। পরে তার পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাই করার কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি।

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে ছাত্রদলের সদস্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ বলেন, ওসি বিদ্যুৎ উপকেন্দ্রে গেলে আমিও সেখানে যাই। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন ওসি। এ সময় ফয়েজের গ্রামের লোকজনও তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। পরে ওসি ফয়েজকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম। তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তার নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের সহসম্পাদক।