ডিসিকে নিয়ে ইউএনওর মন্তব্যে তোলপাড়

ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মাসউদকে নিয়ে সদর উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কণ্ঠসদৃশ মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি এমন একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ছড়িয়ে পড়া অডিওতে ইউএনও হোসনে আরাকে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে মোবাইলে কথা বলতে শোনা গেছে।
সেখানে তিনি ওই সাংবাদিককে বলেন, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ তাকে (ইউএনও) টাকাসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় বিধিবহির্ভূতভাবে বদলি করিয়েছেন।
ইউএনও বলেন, একটা মানুষের যত খারাপ দোষ থাকে সবকিছুই ওনার আছে। মন্ত্রীর পা ছুঁয়ে এসে জামায়াতের গলা ধরেন। ওনার কোনো চরিত্র নাই। লাখ টাকার দুর্নীতি করেন। তা আপনারা নিউজ করেন না।
তিনি আরও বলেন, উনি খারাপ লোক। ওনার সঙ্গে কি নাইট স্ট্রে করতে হবে। বারবার পরিষদে বিধিবহির্ভূত বরাদ্দ নিতে বলে। আমি তাতে রাজি হয়নি। আমার অসুস্থ দুইটা বাচ্চাকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যেতে বলেছে।
এ বিষয়ে কল দেওয়া হয় ডিসি আবদুল্লাহ আল মাসউদকে। তিনি জানান, এ বিষয়ে তিনি কথা বলতে রাজি নন।
এর আগে গত ২৮ মার্চ আবদুল্লাহ আল মাসউদের অনিয়ম-দুর্নীতিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সখ্যতার কিছু চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখন তা অস্বীকার করে ঝিনাইদহ সদর থানায় জিডি (জেনারেল ডায়েরি) করেন।
জিডিতে পাঁচটি আইডি অ্যাকসেস দিয়ে উল্লেখ করেন–তার মানহানি করার জন্য একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে।