সরকার ব্যবস্থা না নিলে পদত্যাগ করার হুঁশিয়ারি এমপি মনিরুলের

কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লংমার্চের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে তিনি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবেন। এমনকি সরকার কার্যকর ব্যবস্থা না নিলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার কথাও বলেন এমপি মনিরুল।
শুক্রবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার করলে কেউ হয়তো অখুশি হবে এমন চিন্তা থাকলে চলবে না।
তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করুন। ডিসি সাহেব, এসপি সাহেব আপনারা যদি পারেন ব্যবস্থা নিন। না হলে বাকিটা আমি দেখব।
কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চ করব। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব।
কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবি সহকারী পরিচালক নজরুল ইসলাম, কুমিল্লা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন কর্মকর্তারা।






