logo

ট্রাংক থেকে উদ্ধার সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে

ট্রাংক থেকে উদ্ধার সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় স্টিলের ট্রাংকের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে। এ ঘটনায় মরদেহ বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। পাশাপাশি পিকআপটির চালককেও আটক করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রাম থেকে মরদেহ বহনকারী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ সময় চালক আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

নিহত নারীর নাম ডলি আক্তার। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা আলাল মিয়ার মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন ট্রাংক পড়ে ছিল। দুপুর পর্যন্ত ট্রাংকটি একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে ট্রাংকের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ট্রাংকের ভেতরে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে।

এদিকে মরদেহের পরিচয় শনাক্তে কাজ শুরু করে পিবিআই জামালপুরের একটি দল। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে সংস্থাটি। এ ঘটনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই জামালপুরের উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।