logo
Advertisement

রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সাভার
রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা
নিহত উপপরিদর্শক মো. আলতাফ হোসেন। ছবি: আইডি কার্ড থেকে নেওয়া

ঢাকার সাভারে এক বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে মো. আলতাফ হোসেন (৬০) নামের পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আমিনবাজার এলাকায় একটি রিকশাকে প্রাইভেটকার চাপা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে তিনি এই হামলার শিকার হন।

নিহত মো. আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে আমিনবাজার এলাকার বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই বৃদ্ধ ও তার রিকশাকে ধাক্কা দেয়। পরবর্তীতে প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর করতে শুরু করে। এ সময় কাছেই থাকা উপপরিদর্শক আলতাফ হোসেন এগিয়ে যান এবং প্রাইভেটকারের আরোহীদের বেপরোয়া আচরণ ও বৃদ্ধকে মারধরের প্রতিবাদ জানান।

প্রতিবাদ করায় একপর্যায়ে প্রাইভেটকারে থাকা ৪-৫ জন যুবক আলতাফ হোসেনের ওপর চড়াও হয়। পরে তারা আরও লোক ডেকে এনে তাকে বেধড়ক পেটাতে থাকে। হামলাকারীদের আঘাতে তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।