জুলাই আন্দোলন দীর্ঘ ১৭ বছরের সংগ্রামেরই ফসল: আসাদুল হাবিব দুলু

বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত সরকারের আমলে যারা শহীদ ও নির্যাতিত হয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের পাশাপাশি তাদেরও তালিকাভুক্ত করা প্রয়োজন। কারণ, তাদের দীর্ঘদিনের আত্মত্যাগের মধ্য দিয়েই জুলাই আন্দোলনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং স্বৈরাচারী শাসনের পতন অনিবার্য হয়ে উঠেছিল। জুলাই আন্দোলন হুট করে একদিনে ঘটেনি, এটি দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক সংগ্রামেরই চূড়ান্ত রূপ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের আমলে গুম, খুন, শারীরিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত লালমনিরহাটের ১১১টি পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তরের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বিগত দিনে রাজনৈতিকভাবে নির্যাতিত ব্যক্তিদের বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে। খুব শিগগিরই তাদের গেজেটভুক্ত করে রাষ্ট্রীয় ভাতার আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, লালমনিরহাটে চিহ্নিত শহীদ ও ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে ইতঃপূর্বেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই পুনর্বাসন ও সহায়তা প্রক্রিয়া বর্তমানে সারা দেশেই অব্যাহত রয়েছে।
একই অনুষ্ঠানে বিগত সরকারের আমলে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তদানীন্তন সময়ে দায়ের করা সমস্ত ভুয়া ও ‘গায়েবি’ মামলা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া চলছে এবং অনেক নির্যাতিত নেতাকর্মী ইতোমধ্যেই এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
এদিকে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। বর্তমানে প্রকল্পটির কারিগরি সমীক্ষা (টেকনিক্যাল সার্ভে) চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার মূল নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হবে।
লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
