সড়কের পাশে আউয়ালের রক্তাক্ত মরদেহ, পাশেই ছিল মোটরসাইকেল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পরদিন সকালে আব্দুল আউয়াল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হলদিগাছি মোড় এলাকায় পাকা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আউয়াল উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল আউয়াল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। মঙ্গলবার সকালে হলদিগাছি মোড় এলাকায় পাকা সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত ও আঘাতপ্রাপ্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল।
খবর পেয়ে আউয়ালের স্ত্রী নাসরিন বেগম ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে ভোলাহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল আউয়ালের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
