রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়িচাপায় মো. শাহজালালী (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রাইভেটকারটিসহ ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
অভিযুক্ত এস এম রিজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ‘বেঙ্গল সিগনেচার’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়ির ধাক্কায় এক নারী পথচারী সড়কের পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শাহজালালী নিহত হন। পরে স্থানীয়রা গাড়িসহ রিজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে গাড়িসহ থানায় নিয়ে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান শাহজালালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত রিজনকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, এখনও কোনো মামলা হয়নি। প্রথমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে।