logo

বিএনপি নেতার ইটের ভাটায় অস্ত্রের কারখানা, ম্যানেজারসহ আটক ২

বিএনপি নেতার ইটের ভাটায় অস্ত্রের কারখানা, ম্যানেজারসহ আটক ২

বিএনপি নেতার ইটভাটায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় ইটভাটার ম্যানেজারসহ দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সন্দ্বীপের আমান উল্লাহ ইউনিয়নের বিবিএসটি ইটভাটায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন ইটভাটার ম্যানেজার মো. রাসেদ (৪০) ও রহমতপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)।

এদিন বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টায় কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ ও নৌবাহিনীর সমন্বয়ে সন্দ্বীপের বেড়িবাঁধের ইটের ভাটা এলাকায় অভিযান চালায়।

অভিযানে ১টি দেশীয় একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় দুজন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয় বলেও জানান তিনি।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে সিয়াম-উল-হক বলেন, নির্বাচন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অস্ত্র সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল তারা। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে, বলেন তিনি।

জানা গেছে ইটভাটার মালিক বাহাদুর। তিনি আমান উল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুর এশিয়া পোস্টকে বলেন, আমান উল্লাহ বিএনপির সভাপতি বাহাদুরের ইটভাটার ব্যবসা আছে। ইটভাটার মালিক কয়েকজন। বাহাদুরের নাম উদ্দেশ্যমূলকভাবে জুড়ে দেওয়া হচ্ছে। সে এ বিষয়ে কিছুই জানে না। 

যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদের দলের সঙ্গে সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, তারা কেন করেছে সেটা পুলিশের তদন্তে উঠে আসবে।

সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, আমানউল্লার একটি বাড়ি ও ইটভাটা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে আসামি করে মামলাও হয়েছে।

ইটভাটার মালিক বিএনপির নেতা কিনা এ সম্পর্কে জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, তদন্ত চলছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।