‘আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না আসে’

কুড়িগ্রামের উলিপুরে ঘরের দরজা ভেঙে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহততের নাম আবুল কালাম আজাদ (১৯)। তিনি ওই এলাকার গোলজার আলীর ছেলে। পরিবারের দাবি, বেকারত্বজনিত হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। সাহরির সময় তার মা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।
ঘটনাস্থল থেকে আজাদের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে লেখা ছিল, ‘প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও খুশি না। কারণ, আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনও তোমাদের খাওয়াতে পারিনি। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আমার জন্য দোয়া করিও। আমিও দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না আসে।’
এদিকে চিরকুটে বেকারত্বজনিত হতাশার কথা উল্লেখ থাকলেও নিহতের পরিবারের দাবি, প্রেমঘটিত কারণেও এমন সিদ্ধান্ত নিতে পারেন সে।
এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।