দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩৪ মিনিটে রংপুরে এ কম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রংপুরের পীরগাছা সদর এলাকার বেলাল আহমেদ জানান, ভোর ৭টা ৩৪ মিনিটে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি ভূমিকম্প টের পান। দ্রুত বাইরে বের হয়ে আসেন। এ সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
রংপুর নগরীর গুপ্তপাড়ার বাসিন্দা ইয়াছিন মিয়া বলেন, হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়। ঝাঁকুনি কম হওয়ায় প্রথমে বুঝতে পারেননি। পরে ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এ সময় অনেকে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, প্রতিবেশী দেশ নেপালে এ ভূমিকম্পের সূত্রপাত। তবে এর স্থায়িত্ব কতক্ষণ ছিল তা ঢাকা অফিসের মাধ্যমে জানানো হবে।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ (চলতি দায়িত্ব) কামরুল হাসান জানান, ভূমিকম্পটি সকাল ৭টা ৩২ মিনিট ৪৭ সেকেন্ডে (বাংলাদেশ সময়) অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নেপাল। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় এটি মৃদুভাবে অনুভূত হয়।
