logo
Advertisement

ফতুল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৮

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
ফতুল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৮
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ফটক। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন ফতুল্লা থানার এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক।

এ ছাড়া পথচারী হেলালউদ্দিন, চালক বাবু ও এ কে এম শফিউদ্দিন আহত হয়েছেন। আহতদের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাসদাইর পতেঙ্গার মোড়ে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ফাইটার মনিরের নেতৃত্বাধীন মাদক কেনাবেচার আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে ফাইটার মনির ও তার দুই সহযোগী নাইম ও মাসুমকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গ্রেপ্তারের পর তিনজনকে ছিনিয়ে নেওয়ার জন্য সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা পুলিশের লক্ষ্য করে পাঁচ-ছয় রাউন্ড গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি শটগানের গুলি ছুড়ে।

তিনি আরও জানান, কেউ গুলিবিদ্ধ না হলেও ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্য, কয়েকজন পথচারী এবং গ্রেপ্তাররা আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সম্প্রতি মাসদাইর এলাকায় অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের হামলায় র‌্যাব ও পুলিশের একাধিক সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

গত ৫ মে দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লিচু বাগ এলাকায় একটি মাদকের আস্তানায় হামলার শিকার হন র‍্যাব-১১–এর তিন সদস্য। সেখানে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।