সরকার প্রতারণা করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণ করছে। জনগণ সরকারকে ক্ষমা করবে না। ১১ দলীয় ঐক্য জোট জনগণের পাশে আছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি। ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।
গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শনিবার সকালে রাজধানী ঢাকা থেকে শুরু হয়। লংমার্চটি নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে পৌঁছালে সেখানে পথসভার আয়োজন করা হয়।
পথসভার শফিকুর রহমান বলেন, আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য। এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য জোট জনগণের পাশে আছে। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস এই চেষ্টা আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।
এদিন সকাল থেকে রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা, নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন স্থান থেকে জোটের নেতাকর্মী ও সমর্থকরা লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ট্রাকস্ট্যান্ড মাঠে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে বড় ধরনের জমায়েত হয়।
পথসভায় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
লংমার্চে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবি সামনে তুলে ধরা হয়।
ঢাকা থেকে যাত্রা করা লংমার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।



