Advertisement

এনসিপির কর্মসূচিতে হামলা ফ্যাসিবাদের পদধ্বনি: সিলেট জামায়াত

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
এনসিপির কর্মসূচিতে হামলা ফ্যাসিবাদের পদধ্বনি: সিলেট জামায়াত
সিলেট মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রাক দিয়ে সড়ক অবরোধ ও সিলেটের গোলাপগঞ্জে বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনাকে পতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে সিলেট মহানগর জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ ধরনের রাজনৈতিক সহিংসতা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারে সিলেট মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর শুরা বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি বলেন, হবিগঞ্জে ট্রাক দিয়ে সড়ক অবরোধ এবং গোলাপগঞ্জে বিরোধী মতের কর্মসূচিতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় হামলা চালিয়েছে। এসব ঘটনা আওয়ামী লীগের শাসনামলের রাজনৈতিক সহিংসতার কথা মনে করিয়ে দেয়। এ ধরনের রাজনীতি জনগণ মেনে নেবে না এবং এর পরিণতিও ভালো হবে না।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে। এমনকি নির্বাচন কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানেও দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগের নীতি থেকে সরে আসতে হবে। অন্যথায় জনগণ এর জবাব দেবে।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নেতারা সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানান। একই সঙ্গে প্রশাসনে নিরপেক্ষতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়েও আলোচনা হয়।

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় বৈঠকে জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরীসহ মহানগর শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় :সিলেট