logo

হাতীবান্ধায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

হাতীবান্ধায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ‘কমিউটার-৭১’ ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশন অতিক্রম করে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছলে হঠাৎ ইঞ্জিনে আগুন জ্বলে ওঠে। এ সময় রেললাইনের পাশে থাকা একটি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথমে আগুন দেখতে পায়। তাদের চিৎকার শুনে ট্রেনের চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামান। হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, আগুন দেখে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারা দ্রুত নিচে নেমে পড়েন। স্থানীয় বাসিন্দা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাকার ঘর্ষণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে ইঞ্জিনের ওয়েল চেম্বারে আগুন লেগেছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।