কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এলোপাতাড়ি হামলায় নিহতের হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (১৩ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে উত্তর পরানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোবিনুল হক পিএমখালীর মাইজপাড়া এলাকার মৃত নবী উল্লাহর ছেলে। তিনি উত্তর পরানিয়া পাড়া এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। পাশাপাশি জমির পাহারাদার ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মোবিনুল হকের সঙ্গে প্রতিবেশী মো. আলমগীর (২৮) নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রাত হয়ে যাওয়ায় বৈঠকটি আংশিক শেষ করে বাকী অংশ পরদিন করার সিদ্ধান্ত নেন। এরপর এবং সবাই নিজ নিজ বাড়িতে চলে যান।
ওসি আরও জানান, এরপর থেকেই অভিযুক্ত আলমগীর এলাকায় হুমকি দিতে থাকেন। পরে রাত সাড়ে ৯টার দিকে মোবিনুল হক বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজার সংলগ্ন খুরুশকুলগামী সড়কে পৌঁছালে আলমগীর ও তার সহযোগীরা মিলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মোবিনুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, ধারালো অস্ত্র অথবা কুড়াল দিয়ে মোবিনুলকে আঘাত করা হয়েছে। তার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সাথে প্রধান অভিযুক্ত আলমগীরসহ জড়িত গ্রেপ্তারে পুলিশের অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।