logo
Advertisement

ডোপ টেস্টের খবরে লাপাত্তা পুলিশ কর্মকর্তা

ডোপ টেস্টের খবরে লাপাত্তা পুলিশ কর্মকর্তা
পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদ। ছবি: আইনশৃঙ্খলা বাহিনীর সৌজন্যে

মাদক শনাক্তকরণে ডোপ টেস্টের উদ্যোগের খবর পাওয়ার পর চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ও বুধবার (১৬ সেপ্টেম্বর) তার বাসায় পুলিশ সদস্যরা গেলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোন নম্বর মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ তৈরি হয়। তিনি মাদক সেবন করেন কি না, যাচাই করার জন্য তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।

ডোপ টেস্টের খবর পাওয়ার পর তিনি কর্মস্থলে না আসায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসার জন্য পুলিশ সদস্যরা তার বাসায় যান। তবে দুই দিন গিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার ও বুধবার দুই দিন পুলিশ সদস্যদের এসআই মামুন উর রশিদের বাসায় পাঠানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।