logo

ফ্ল্যাটে মিলল সাড়ে ১০ হাজার পিস ইয়াবা, দুজন গ্রেপ্তার

ফ্ল্যাটে মিলল সাড়ে ১০ হাজার পিস ইয়াবা, দুজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে টঙ্গী সালামত মোল্লা রোডের একটি সাততলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদী গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং নরসিংদীর রায়পুরা থানার আমির হোসেনের ছেলে মো. শাওন (২৬)। তারা টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় একটি ফ্ল্যাট থেকে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পাশাপাশি তল্লাশি করে নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার জন্য ওই বাড়িতে রেখেছিল তারা। টাকাগুলো ইয়াবা বিক্রির বলে আমাদের ধারণা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।