Advertisement

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস। ছবি: এশিয়া পোস্ট

টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছে। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।