logo
Advertisement

গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বরের

এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বরের
কনের বাড়িতে রান্নার হাড়ি-পাতিল এলোমেলো পড়ে আছে ও শূন্য বরের বসার স্থান। ছবি : এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহিন নামে এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর তার নববধূ মিফতাহ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বয়স কম হওয়ায় দুই পরিবারের সম্মতিতে দুদিন আগে তাদের বিয়ে হয়। রোববার (২৩ আগস্ট) বৌ-ভাতের আয়োজন ছিল। এর আগে শনিবার রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এতে বর মাহিনও অংশ নেন।

গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মাহিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন। পরে তার দাফন সম্পন্ন করা হয়।

নিহতের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, গায়ে হলুদ থেকে ফেরার পথে ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দুদিন আগেই তার বিয়ে হয়েছিল। আনুষ্ঠানিকতার জন্য কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।

নিহতের শ্বশুরবাড়ির পক্ষের স্বজন ও কনের মামা জাহেদুন সোহেল বলেন, গত রাতে আমার ভাগনির গায়ে হলুদ ছিল। সেখানে বরও এসেছিল। কিন্তু রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বর মারা যায়।

তিনি আরও জানান, বর ও কনের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। এ কারণে তাদের বিয়েটি দুদিন আগেই সম্পন্ন করা হয়। রোববার বৌ-ভাতের আয়োজন ছিল। শনিবার রাতের আনন্দ-উৎসব শেষে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারে শোক নেমে আসে।

এদিকে কনের বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়ের দাওয়াতের জন্য রান্না করা খাবারের হাড়ি-পাতিল পড়ে রয়েছে। অতিথিদের বসানোর জন্য আনা চেয়ারগুলোও পড়ে আছে। তবে বরের জন্য নির্ধারিত স্থানটি খালি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তার কাছে তথ্য নেই। ঘটনার বিস্তারিতও তিনি জানেন না।