কৃষি কর্মকর্তাকে হুমকি দিয়ে বহিষ্কার হলেন যুবদল নেতা

মাগুরার শালিখা উপজেলা কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শনপূর্বক স্থানীয় কৃষি কর্মকর্তাকে হুমকি প্রদানের সুস্পষ্ট অভিযোগে মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) রাতে একটি মোবাইল ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই কল রেকর্ডে শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে বলতে শোনা যায়, ‘আপনার অসুস্থতা আমি সারে (সারিয়ে) দিবানে। আপনি আমার অনেক ক্ষতি করেছেন। আপনি অফিসে আসেন, কালকে দেখে নেন। ভালো করে ঝুলায়ে পেটাবো।’
এ বিষয়ে শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত বলেন, ভাইরাল হওয়া কল রেকর্ডটির বিষয়ে আমি কিছুই জানি না। আমিও ফেসবুক থেকেই বিষয়টি জানতে পেরেছি। যুবদল নেতা মুন্সী নয়নের সঙ্গে আমার এ ধরনের কোনো কথোপকথনই হয়নি।




