ছোট ভাইকে গুলি করে হত্যা, আওয়ামী লীগ নেতা আটক

ফরিদপুরের বোয়ালমারীতে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ডা. গোলাম কবির (৭২) নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত ব্যক্তির নাম মিন্টু (৫৫) বলে জানা গেছে।
অভিযুক্ত বড় ভাই জেলা কৃষক লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
আরও পড়ুন : বিয়েতে ডিজেল উপহার পেলেন কেন্দ্রীয় নেতা
স্থানীয় সূত্র জানায়, বহু বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেটে ডেকে নিয়ে যান। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির শটগান দিয়ে পরপর ছয়টি গুলি করলে মিন্টু মারা যান। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা গোলাম কবিরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির গাড়িটিও ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন বলেন, ২০ থেকে ২২ বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে আজ সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্স করা শটগান বের করে ছোট ভাইকে গুলি করেন এবং ঘটনাস্থলেই ওই ভাই মারা যান। পরে স্থানীয় লোকজন গোলাম কবিরকে আটকে রেখে পুলিশে দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।