Advertisement

সন্তান আছে সাতজন, ৯৭ বছর বয়সে করেন ভিক্ষা

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
সন্তান আছে সাতজন, ৯৭ বছর বয়সে করেন ভিক্ষা
৯৭ বছর বয়সী বৃদ্ধ আব্দুস সালাম। ছবি: এশিয়া পোস্ট

সাত সন্তানের বাবা। বয়স এখন ৯৭। সন্তানরা করেন অবহেলা। ভরণপোষণ দেন না। নির্যাতনও করা হয়। বাধ্য হয়ে ভিক্ষা করে জীবন চালাতে হচ্ছে তাকে। এসব জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বৃদ্ধ আব্দুস সালাম।

রোববার (২৬ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তার ভরণপোষণের দায়িত্ব পালন করেন না। বড় ছেলে অলী বিশ্বাসের প্ররোচনায় অন্য ছেলেরাও তার দেখাশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

বৃদ্ধ আব্দুস সালামের দাবি, বয়সের ভারে তিনি কোনো কাজ করতে পারেন না। জীবিকার তাগিদে বাধ্য হয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছে। খাবার বা পরনের কাপড় চাইলে ছেলেরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন। এমনকি তার ব্যবহৃত কাঁথা-কম্বলেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

অভিযোগে তিনি সন্তানদের কাছ থেকে আইন অনুযায়ী ভরণপোষণ নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বড় ছেলে অলী বিশ্বাস বলেন, তিন ভাইয়ের মধ্যে মেজ ভাই তাদের বাবা-মায়ের কোনো খোঁজ-খবর নেন না। কেন নেন না, সে বিষয়ে বাবার কাছে জানতে হবে।

তার দাবি, বাবা মেজো ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না, এ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।