ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে সড়কের পাশে মানববন্ধন করেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
অবরোধ চলাকালে স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।
আরেক বাসিন্দা শাহাদাত বলেন, ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেব? আমরা এই সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান চাই।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অবরোধের ফলে সৃষ্ট যানজটের বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন এশিয়া পোস্টকে বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং যান চলাচল স্বাভাবিক করা হবে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
