logo
Advertisement

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
রাজশাহী, রাজশাহী
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশ পথ। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি সময়ে হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

মৃত রোগীর নাম ইমরুল কায়েস হৃদয়। তিনি পাবনার বেড়া উপজেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ইমরুল কায়েস হৃদয় ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার শারীরিক অবস্থা বেশ জটিল ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন রোগীসহ বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, গত ৩১ আগস্ট রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে নতুন করে আরও একজনের মৃত্যু হওয়ায় রাজশাহী অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে।