সারা দিন ভ্যান চালিয়ে ফিরছিলেন বাড়ি, প্রাণ গেল বাসের ধাক্কায়

সারা দিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় শাহীন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা- নাটোর মহাসড়কের শেখপাড়া ডুমুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক শাহিন হোসেন (২৪) নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাউতা গ্রামের মোহাম্মদ স্বপনের ছেলে।
এদিকে ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষুদ্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, সারা দিন অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন শাহিন হোসেন। এসময় তার ভ্যানে কোনো যাত্রী ছিল না। ভ্যান নিয়ে পাবনার দাশুড়িয়ার দিক থেকে নাটোরের রাজাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে শাহিন হোসেন ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।