হাটহাজারীতে দর্জিকে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
হাটহাজারীতে দর্জিকে কুপিয়ে হত্যা
নিহত নুরুল আজম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে নুরুল আজম (৪০) নামের এক দর্জিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আজম ওই এলাকার মৃত ওলামিয়ার (ইসলামের) ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে যান আজম। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তির সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আজমকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামীকে দিদার, আলী ও আক্কল মিলে নৃশংসভাবে মেরে ফেলেছে। আমি থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করব। আমি আমার স্বামীর খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসি ও শাস্তি চাই।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।