logo
Advertisement

ঘরে নবজাতক, প্রশিক্ষণের মাঠে থেমে গেল পিয়াসের জীবন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কবিরহাট, নোয়াখালী
ঘরে নবজাতক, প্রশিক্ষণের মাঠে থেমে গেল পিয়াসের জীবন
সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় নিহত হয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর কয়েক দিন আগেই বাবা হওয়া পিয়াস সদ্যজাত সন্তানসহ পরিবারকে রেখে চলে গেলেন না ফেরার দেশে।

নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াস ছিলেন পরিবারের তিন বোনের একমাত্র ভাই। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল। সবার সঙ্গে হাসিমুখে কথা বলা ও সহজ-সরল ব্যবহারের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছেও তিনি ছিলেন প্রিয়।

চাকরির সুবাদে পিয়াস পরিবার নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন। দেশের সেবায় নিয়োজিত এই তরুণ সৈনিকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্র বলছে, মৃত্যুর কয়েক দিন আগেই পিয়াসের ঘর আলো করে আসে একটি নবজাতক সন্তান। সন্তান জন্মের আনন্দের মধ্যেই আসে তার মৃত্যুর খবর। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই তাকে হারাল সদ্য পৃথিবীতে আসা শিশুটি।

পিয়াসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা তাদের বাড়িতে ছুটে আসেন। তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং শেষবারের মতো পিয়াসকে দেখতে অপেক্ষা করতে থাকেন।

স্থানীয়দের ভাষ্য, পিয়াস ছিলেন ভালো মনের মানুষ। তার এমন অকাল মৃত্যু মেনে নেওয়া পরিবারের পাশাপাশি এলাকাবাসীর জন্যও কঠিন। বিশেষ করে সদ্যজাত সন্তানকে রেখে তার চলে যাওয়া স্বজনদের শোক আরও বাড়িয়ে দিয়েছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।