logo

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের বালাম বইয়ের ৮ পাতা চুরি, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের বালাম বইয়ের ৮ পাতা চুরি, গ্রেপ্তার ১
কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রারারের কার্যালয় থেকে সরকারি রেজিস্ট্রি বালাম বইয়ের আটটি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগে ললিত সরকার (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ললিত সরকারসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ২ অক্টোবর কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি করেন সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের রেকর্ড কিপার দীপালী রানী পাল। তবে রোববার (৪ অক্টোবর) বিকেলে সাব-রেজিস্ট্রি অফিসে এ বিষয়ে গুঞ্জন শুরু হয়। বিষয়টি জানাজানি হলে অফিসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকালে কার্যালয়ের নকলনবিশ পপি সাহা রেকর্ড কিপার দীপালী রানী পালকে জানান, এর আগের দিন ৩০ সেপ্টেম্বর ললিত সরকার তার বাসায় গিয়ে সরকারি রেজিস্ট্রি বালাম নম্বর-৫৮ -এর ৩৯ থেকে ৪৬ নম্বর পৃষ্ঠা দেখান। তিনি ওই পাতাগুলোর অবিকল নকল কপি করে দেওয়ার অনুরোধ করেন।

পপি সাহার সন্দেহ হলে তিনি পাতাগুলো পরীক্ষা করে দেখেন, সেখানে লেখা কাটাছেঁড়া ও নাম-ঠিকানায় পরিবর্তনের চিহ্ন রয়েছে। সরকারি নথি ব্যক্তিগতভাবে ললিত সরকারের কাছে কীভাবে গেল, তা নিয়েও তার সন্দেহ হয়। পরে তিনি ওই নথির নকল তৈরি করতে অস্বীকৃতি জানান। এরপর বালাম নম্বর-৫৮ পরীক্ষা করে দেখা যায়, ৩৯ থেকে ৪৬ নম্বর পর্যন্ত আটটি পৃষ্ঠা বইটিতে নেই।

এজাহারে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে যে কোনো সময়ে ললিত সরকার অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ে প্রবেশ করে প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে বালাম বইয়ের ওই আটটি পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে যেতে পারেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা এশিয়া পোস্টকে বলেন, মামলা দায়েরের পর গত ২ অক্টোবর দুপুরে ললিত সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।