ধামরাইয়ে সিএনজিচালক নিখোঁজ, পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হয়েছেন আরিফুল ইসলাম (৩৮) নামে এক চালক। নিখোঁজের পর তার অটোরিকশাটি উপজেলার খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও চালকের কোনো সন্ধান মেলেনি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) এস এম এনামুল হক। এর আগে নিখোঁজ চালকের বড় ভাই মো. জমির আলী ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ আরিফুল ইসলাম ধামরাই উপজেলার দক্ষিণ কাটাবইর এলাকার মো. শুকুর আলী বেপারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা স্টেশন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাটুলিয়া মাঠের দিকে যান আরিফুল। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে খাগুরতা-বাটুলিয়া এলাকায় তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
আরিফুলের বড় ভাই মো. জমির আলী অভিযোগ করেন, পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এর আগে তাদের হুমকি দেওয়া হয়েছিল। পূর্বশত্রুতার জেরে আরিফুলকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ভাইকে দ্রুত উদ্ধারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম এনামুল হক এশিয়া পোস্টকে জানান, চালক নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিত্যক্ত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। চালকের সন্ধান পেতে পুলিশ তদন্ত শুরু করেছে।
