logo

কিশোরগঞ্জে হাম আতঙ্ক, হাসপাতালে ভর্তি ৩৬

কিশোরগঞ্জে হাম আতঙ্ক, হাসপাতালে ভর্তি ৩৬

কিশোরগঞ্জে নতুন করে হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগে পড়েছে স্বাস্থ্য বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় অন্তত ৫৭ জন হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সন্দেহভাজন ৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সংক্রমণের বিস্তার দ্রুত শনাক্ত করতে এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন, জেলায় হামের টিকার কোনো ঘাটতি নেই। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০টি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০টি এবং ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।

তবে জেলায় আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের প্রয়োজন হলে ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের মতে, জেলা সদরে সংক্রমণের হার তুলনামূলক বেশি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

এ পরিস্থিতিতে আগামী ৫ এপ্রিল থেকে বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এ কর্মসূচির আওতায় আগে টিকা না পাওয়া ব্যক্তিদের পাশাপাশি টিকা গ্রহণকারীরাও পুনরায় টিকা নিতে পারবেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পুনরায় টিকা নেওয়ায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

অভিভাবকদের প্রতি সতর্কবার্তা দিয়ে স্বাস্থ্য বিভাগ বলেছে, শিশুদের কাশি, জ্বর, নাক দিয়ে পানি পড়া বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।