logo

চরাঞ্চলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ শাহাজাহান বাহিনীর ৩ ডাকাত আটক

চরাঞ্চলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ শাহাজাহান বাহিনীর ৩ ডাকাত আটক
আটককৃত ডাকাতরা। ছবি: এশিয়া পোস্ট

ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে কোস্ট গার্ডের একটি টিম এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকরা হলেন— চর মোজাম্মেলের শাহাজাহান বাহিনীর সদস্য আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল চরে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

অভিযান চলাকালে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।